
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে উদ্ধার হওয়া মস্তকবিহীন অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পিবিআই।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বিকাল পৌনে ৬টার দিকে বারইল বটতলা (নবগ্রাম) এলাকায় কালীগঙ্গা নদীর তীরে একটি মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জয়িতা শিল্পী (পিএসসি)-এর নির্দেশনায় একটি ক্রাইমসিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রবিউল ইসলাম খান, এসআই মো. আনোয়ার হোসেন, পিএসআই নূরউদ্দিন খান, এএসআই সেলিম রেজা এবং কনস্টেবল সামিউল হক ঘটনাস্থল থেকে মৃতদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে তা যাচাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
শনাক্তকৃত ব্যক্তি হলেন রফিক মিয়া (২৮)। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের রাথুরিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত ইউসুফ আলীর ছেলে।
এ বিষয়ে পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জয়িতা শিল্পী (পিএসসি) জানান, ‘ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান আছে।’
