বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বারবার যারা পরীক্ষায় ফেল করে, তাদের আবার সুযোগ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ৫৪ বছরে সবাই পরীক্ষায় ব্যর্থ, তাই এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজান আলী থানার উদ্যোগে শিরোমনি কেডিএ মার্কেট চত্বরে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরে যারা বারবার রাষ্ট্রক্ষমতায় গেছে, তারা সুশাসন, সততা ও নৈতিকতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। দেশের মানুষ এবার একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। এই পরিবর্তনের অর্থ হলো— যারা দুর্নীতি, চাঁদাবাজি, দলীয়করণ ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না।

গোলাম পরোয়ার অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা প্রধান রাজনৈতিক দলগুলো প্রশাসনকে দলীয়করণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে ও ভিন্নমতের ওপর দমন-পীড়ন চালিয়েছে। খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ডাকসু জিএস এস এম ফরহাদ, এনসিপির দক্ষিণাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া মিন্টু, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি হরিদাস মণ্ডল প্রমুখ।