মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি

ইরানে প্রবেশ করলে মার্কিন সেনাদের ‘উপসাগরের হাঙরের খাবারে’ পরিণত হতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সেনাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

জোলফাঘারি ট্রাম্পকে ‘অস্থির ও মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে দাবি করেন, তিনি আমেরিকা ও বিশ্বজুড়ে ক্ষতি ডেকে এনেছেন। একই সঙ্গে বলেন, নেতানিয়াহুর প্রভাবে ট্রাম্প একটি ‘পুতুলে’ পরিণত হয়েছেন।

তিনি মার্কিন সামরিক নেতৃত্বের প্রতিও সতর্কবার্তা দেন। বলেন, শুধু প্রেসিডেন্টকে খুশি করতে গিয়ে নিজেদের সেনাদের ‘মৃত্যু ও বন্দিত্বের দিকে ঠেলে দেবেন না।’

এদিকে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন রণতরী আব্রাহাম লিংকন যদি ইরানের হামলার পাল্লায় আসে, তাহলে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

সম্প্রতি উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সীমিত স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইরানের শীর্ষ কর্মকর্তারা বারবার অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে সামরিক প্রস্তুতি নিচ্ছে। এতে করে অঞ্চলজুড়ে সরাসরি সংঘর্ষের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।