
ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায়, তাহলে ইসরায়েলি সেনারা সেখানে অংশ নেবে না।
ইসরায়েলি টিভি চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে ইসরায়েলি সেনারা মাটিতে অংশ নেবে না। অর্থাৎ, এমন কোনো অভিযানে পুরো দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
পেন্টাগন ইরানে সীমিত আকারের অভিযান বা বিশেষ হামলার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যদিও হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি।
এদিকে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে। ইরানি কর্মকর্তারা বলেছেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের “আগুনে পুড়িয়ে দেওয়া হবে”।
অপরদিকে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে ইসরায়েলের সেনাবাহিনী ‘ভিতর থেকে ধ্বংসের পথে’ রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির।
