
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কুকুরকে লাথি দেয়ার প্রতিবাদ করায় জুলুস মিয়া (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
নিহত জুলুস মিয়া ওই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ওই গ্রামের কামাল হোসেন (৩৫) একটি কুকুরকে লাথি দিলে এর প্রতিবাদ করেন কৃষক জুলুস মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে জুলুস মিয়ার অণ্ডকোষে লাথি মারার অভিযোগ উঠে কামালের বিরুদ্ধে। এ সময় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন জুলুস মিয়া। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জুলুস মিয়ার নাতি মো. আকাশ বলেন, ‘আমি বাড়ির পাশে একটি মাচায় বসেছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি আমার দাদা মাটিতে পড়ে আছেন, আর বাকিরা দৌঁড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় আনোয়ার নামে একজন দা নিয়ে আমার দিকে তেড়ে আসে। পরে স্থানীয়রা দাদাকে হাসপাতালে পাঠান। হাসপাতাল থেকে জানতে পারি, তিনি মারা গেছেন।’
জুলুস মিয়ার বড় ছেলে ইব্রাহিম বলেন, ‘আমার বাবাকে যারা এভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
