রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

মালিক সমিতির সভাপতি বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে কে কারা দোকান বন্ধের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মধ্য দিয়ে তারা প্রচারও শুরু করেছে। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি এখনও ওই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

তিনি বলেন, ইতোমধ্যে আগামী ৪ এপ্রিল দুপুরে ১টায় জ্বালানি মন্ত্রী একটি সভা ডেকেছেন। সভায় উপস্থিত থাকাবেন স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী। উনাদের উপস্থিতিতে সভায় যোগ দিতে এরই মধ্যে সারা দেশের জেলা সমিতিগুলোর প্রতিনিধিরা ঢাকায় আসছেন। ওই দিন আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, আমরা জানি এই মুহূর্তে সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে। এখানে কীভাবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারে সে বিষয়ে সবাই মিলিতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে সেটি কার্যকর করার ব্যবস্থা আমরা করব।

এর আগেবাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি নামে নিবন্ধনহীন একটি সংস্থারাত ৮টার মধ্যে রাজধানীসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।