
রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক লাশ উদ্ধার হওয়ায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ছয়জনে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন পাঁচজনের লাশ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে ৭টি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
