
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালীতে সৃষ্ট উত্তেজনা প্রশমন ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার মতে, বর্তমানে এই অঞ্চলে যে নৌ-সংকট চলছে, তার মূল সমাধান নিহিত রয়েছে একটি টেকসই যুদ্ধবিরতির মধ্যে।
সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে এক ফোনালাপের সময় ওয়াং ই এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। ফোনালাপে ওয়াং ই গুরুত্বারোপ করেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব সরাসরি আন্তর্জাতিক সমুদ্রসীমার ওপর পড়ছে।
হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে বসে সংঘাত বন্ধের কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটে নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি। ল্যাভরভের সাথে আলাপকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান ভূ-রাজনৈতিক সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির বিষয়েও একমত পোষণ করেন।
