ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাব তেহরান ও ওয়াশিংটনের কাছে সামনে এসেছে। এই প্রস্তাবের রূপরেখা গত রোববার (৫ এপ্রিল) রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া এই প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে।

প্রস্তাবটি সম্পর্কে অবগত একটি সূত্র সোমবার (৬ এপ্রিল) রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গতকাল রোববার রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন।

এই প্রস্তাব পাওয়ার এক দিন আগেই ‘চুক্তি না করলে’ তেহরানকে নরকে পরিণত করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে, তেহরানও সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে অসম্মতি জানিয়েছে।

সূত্র জানায়, শান্তি পরিকল্পনায় দুইটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপে অবিলম্বে যুদ্ধবিরতি, পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা।

তবে, সোমবার রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাময়িক যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালি খুলে দিতে আগ্রহী নয় তেহরান। প্রস্তাবটির খতিয়ে দেখার কথাও জানান তিনি।