মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আমেরিকা-জায়নিস্টদের হামলায় খাদেমি নিহত হয়েছেন। সংস্থাটি তাকে “প্রভাবশালী ও উচ্চশিক্ষিত” সামরিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরানের নেতাদের ‘একজন একজন করে খুঁজে বের করা হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের শুরু থেকে নিহত হন তেহরানের শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির গোয়েন্দা প্রধানের মৃত্যু ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এ ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।