পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৫০টি লাক্ষ্যা মাছ। সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে এই মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
বিশালাকৃতির এই মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয় জেলে ও আড়তদার সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দুরকানি উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। সেখানে জাল ফেললে একসঙ্গে ৫০টি লাক্ষ্যা মাছ আটকা পড়ে। একেকটি মাছের ওজন ১০ থেকে ২২ কেজি পর্যন্ত।
মাছগুলো নিয়ে সোমবার (৬ এপ্রিল) সকালে জেলেরা পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূল্যবান এই মাছগুলো কিনতে প্রতিযোগিতা শুরু হয় পাইকারি বিক্রেতাদের মধ্যে।
শেষ পর্যন্ত এক মাছ ব্যবসায়ী ১০ লাখ টাকায় সবগুলো মাছ কিনে নেন। পরে মাছগুলো অধিক মুনাফার আশায় চট্টগ্রামে পাঠানো হয়েছে।জেলে দুলাল ফকির জানান, সাগরে সচরাচর এত বেশি পরিমাণে লাক্ষ্যা মাছ ধরা পড়ে না। একসাথে বড় আকারের এতগুলো মাছ পাওয়ায় ট্রলারের সকল জেলে অত্যন্ত আনন্দিত।
মৎস্য কর্মকর্তারা জানান, লাক্ষ্যা মাছ অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় জেলেরা ভালো দাম পেয়েছেন।