
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসংশ্লিষ্ট দুইটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও উভচর যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে আঘাত হানে। এরপর সেটি দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চলের দিকে পিছু হটতে বাধ্য হয়।
একইসঙ্গে, ইরান দাবি করেছে যে, ইসরায়েলের মালিকানাধীন কন্টেইনারবাহী একটি জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এসডিএন৭ নামের এই জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত দ্রুত তীব্র হয়ে উঠেছে। স্থল হামলার পাশাপাশি সমুদ্রপথেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
বিশেষ করে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্র এলাকায় সামরিক তৎপরতা বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী শিপিং ও তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, সমুদ্রপথে এ ধরনের হামলা সংঘাতকে আরও তীব্রতর করে তুলতে পারে এবং তা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
