চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে এসেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস–২ মিশনের চার নভোচারী। বর্তমানে তারা মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথাতে অবস্থান করছেন। জাহাজের ডেকে তাদের স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করতে এবং হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।

বাংলাদেশ সময় শনিবার (১১ এপ্রিল) সকালে নভোচারীদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। অবতরণের পর তারা নভোযান থেকে বের হয়ে প্রথমে একটি উদ্ধারকারী নৌযানে ওঠেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের ইউএসএস জন পি মুরথা জাহাজে নিয়ে যাওয়া হয়।

জাহাজে পৌঁছানোর পর হেলিকপ্টারের ভেতর থেকেই নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার ছবি তোলেন। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য জাহাজের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করেন।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হবে।

এদিকে ‘ওরিয়ন’ ক্যাপসুলের সফল অবতরণের পর নাসার কর্মকর্তারা জনসন স্পেস সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, নভোচারীরা সবাই সুস্থ আছেন এবং তাদের মনোভাবও বেশ উৎফুল্ল।