পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

শাহবাজ শরিফ-এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান-এর প্রতিনিধিদলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে এসব বৈঠক হয়।

ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে জেডি ভ্যান্স বর্তমানে ইসলামাবাদ-এ অবস্থান করছেন। ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এ বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার দিনের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে।

এক বিবৃতিতে শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য গুরুত্বপূর্ণ আলোচনার আগে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এই বৈঠকগুলোতে গুরুত্ব পেয়েছে। তবে উভয় পক্ষের সঙ্গে বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা