দীর্ঘ ৪ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে মেসার্স মিফা ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ট্রাকে করে মোট ১১৬ টন গম আমদানি করে। এসব গম ভারতের বুনিয়াদপুর এলাকা থেকে আনা হয়েছে। ওই দিন বিকেলেই গমবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম পুনরায় চালু হয়।

আমদানিকারক আবুল বাশার মম জানান, দীর্ঘ বিরতির পর এই চালানটি এসেছে। এর আগে সর্বশেষ ২০২২ সালের মে মাসে এই বন্দর দিয়ে গম আমদানি হয়েছিল। পরে ভারত সরকার নিজ দেশে গমের সংকটের কারণে রপ্তানি বন্ধ করে দেয়। তবে সম্প্রতি প্রায় ২৫ লাখ মেট্রিক টন গম রপ্তানির অনুমতি দেওয়ায় আবার আমদানি শুরু সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, প্রতি টন গম ২৭৭ ডলার দরে আমদানি করা হয়েছে। এতে দেশের বাজারে গমের দাম কেজিপ্রতি প্রায় ৩৭ থেকে ৩৮ টাকার মধ্যে থাকতে পারে। দেশে গমের চাহিদা থাকায় ভারতের বুনিয়াদপুর থেকে এই চালান আনা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই আমদানি অব্যাহত থাকলে বাজারে গমের সরবরাহ বাড়বে এবং দাম স্থিতিশীল রাখতে সহায়ক হবে।