মেরুদণ্ডের জটিল অপারেশনের সফলতায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার রোগীকে সঙ্গে নিয়ে কেক কেটে উদযাপন করেন এবং অপারেশন টিমকে সম্মাননা জানিয়েছেন

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে এক যুবকের মেরুদণ্ডের জটিল অপারেশন। এ সফলতায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার রোগীকে সঙ্গে নিয়ে কেক কেটে উদযাপন করেন এবং অপারেশন টিমকে সম্মাননা জানিয়েছেন।

স্বল্প খরচে করা এ অপারেশনের মাধ্যমে হাঁটতে না পারা এই যুবক এখন স্বাভাবিকভাবে হাঁটতে ও বসতে পারছেন।

জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনূর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে মেরাজুল ইসলাম (২৪) গত ২ মার্চ গাছ কাটতে গিয়ে পিঠের ওপর পড়লে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হয়। যেখানে তিনি ১৮ মার্চ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলেও সেখানে অপারেশনের জন্য দীর্ঘ সিরিয়াল ও প্রায় আড়াই লাখ টাকা খরচের কথা বলা হলে পরিবারটি পুনরায় সিরাজগঞ্জে ফিরে আসে। এরপর ২৮ মার্চ আবার তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থোপেডিক্স বিভাগ সূত্রে জানা গেছে, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৭ এপ্রিল অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে মাত্র ১ লাখ টাকার মধ্যে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়। পুরো টাকাটাই লেগেছে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে।

রোগী মেরাজুল ইসলাম বলেন, আমি কাজ করতে গিয়ে পিঠের উপর গাছ পড়লে সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর থেকে হাঁটতেই পারছিলাম না৷ এখন অপারেশনের পরে আমি হাঁটতে ও বসতে পারছি।

মেরাজুল ইসলামের মা মোছা. মহারানি বলেন, আমার ছেলে গাছ কাটতে গিয়ে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গিয়েছিল। সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়েছিলাম। অনেক টাকা চাওয়ায় আবার সিরাজগঞ্জ নিয়ে আসি। সিরাজগঞ্জে ভালো চিকিৎসা হওয়ায় আমার হাঁটতে না পারা ছেলে এখন হাঁটতে পারছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, রোগী এসে যখন ভর্তি হয়, তখন আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। যে অপারেশনের প্রয়োজন ছিল, সেটি আসলে আমাদের হাসপাতালে হয় না। তবে আমার পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে অপারেশন করার জন্য মনস্থির করি। এরপর তারা ঢাকা গেলেও পুনরায় হাসপাতালে ফিরে আসেন। আলহামদুলিল্লাহ, আমার নেতৃত্বে মেরুদণ্ডের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো সফলতা পেয়েছি।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, আমাদের হাসপাতালে সফলভাবে মেরুদণ্ডের হাড়ের অপারেশন সম্পন্ন হয়েছে। প্রথমবারের অপারেশনে এমন সফলতায় আমরা গর্বিত। স্বল্প খরচে সিরাজগঞ্জেও এখন থেকে এই অপারেশন যেন করার ধারাবাহিকতা অব্যাহত থাকে, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব।