মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার রাতে পোপ চতুর্দশ লিওর কড়া সমালোচনা করেছেন। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে পোপের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, পোপের পররাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা খুবই দুর্বল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি এমন কোনো পোপ চান না, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, তারা এমন কাউকে সমর্থন করেন না, যিনি পরমাণু অস্ত্র রাখাকে গ্রহণযোগ্য মনে করেন। তার ভাষায়, যে কোনো দেশ যদি পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বিশ্ব ধ্বংসের ক্ষমতা অর্জনের চেষ্টা করে, তাদের সঙ্গে হালকাভাবে আচরণ করা উচিত নয়।
তিনি আরও বলেন, তিনি পোপ লিও চতুর্দশের ভক্ত নন। অন্যদিকে, পোপ লিও সম্প্রতি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অবস্থানের সমালোচনায় আরও সরব হয়েছেন। গত সপ্তাহে তিনি ট্রাম্পের কঠোর বক্তব্য ও ইরানের জনগণের প্রতি হুমকিকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে আখ্যা দেন।