
ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস সব সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। পেশাগত জীবনের তুলনায় তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আগ্রহ দেখা যায় ভক্তদের মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্প বয়সে বিয়ে করাকে নিজের জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বিয়ের প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। তার ভাষায়, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? আসলে এটা ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
ভবিষ্যতে নতুন করে সংসার গড়ার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলার মতো অবস্থায় নেই।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিয়ের বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে তিনি তা প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।
