যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ না মেনে হরমুজ প্রণালি পার হয়েছে একটি তেলবাহী চীনা জাহাজ। এতে ওয়াশিংটনের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

রয়টার্সের প্রতিবেদনে এলএসইজি’র শিপিং তথ্যের বরাতে জানানো হয়, ‘রিচ স্টারি’ নামের ট্যাঙ্কারটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা ক্রু রয়েছেন। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জাহাজটি আগে ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল এবং ২০২৩ সালে ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্র এটিকে কালো তালিকাভুক্ত করে

বর্তমান যাত্রায় জাহাজটি ইরানি বন্দরে নোঙর করেছিল কিনা বা এতে কোনো পণ্য ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। পারস্য উপসাগর ত্যাগের জন্য এটি গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার চেষ্টা চালায়। সোমবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় মার্কিন অবরোধ কার্যকর হওয়ার পর প্রথমবার কেশম দ্বীপের কাছে সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে পুনরায় যাত্রা শুরু করে জাহাজটি এবং বার্তা ব্যবস্থার মাধ্যমে জানাতে থাকে যে এর মালিক ও ক্রু চীনা নাগরিক।

বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নেবে কিনা, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের অবরোধ ঘোষণার পর থেকেই বৈশ্বিক শিপিং খাত ও জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। অবরোধের নীতিমালা স্পষ্ট না হওয়ায় অনেক প্রতিষ্ঠান আপাতত তাদের জাহাজ চলাচল স্থগিত রেখেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালির এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কাও বাড়ছে।