অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আপাতত কিছুদিন রাজধানী ঢাকাতেই অবস্থান করবেন। এরপর তিনি বিদেশে যাবেন বলে জানা গেছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে প্যারিসের কথা উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, আগামী সপ্তাহে তিনি রাজধানীর যমুনা স্টেট গেস্ট হাউস ছেড়ে গুলশানে নিজস্ব বাসভবনে চলে যাবেন। এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। গণপূর্ত বিভাগের কর্মকর্তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাজ শুরু করেছেন।
এদিকে যমুনা স্টেট গেস্ট হাউসে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান উঠবেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিল। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের আগেই তিনি দায়িত্ব হস্তান্তর করেন। শত ব্যস্ততার মধ্যেও সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করে তিনি যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে ড. ইউনূসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা চললেও আপাতত ঢাকায় থেকে কিছু ব্যক্তিগত কাজ সেরে নেবেন বলে সূত্র নিশ্চিত করেছে।
