মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ৭ জনসহ আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদরের শিলই ইউনিয়নে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, ভোট কেন্দ্রের সামনে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা হয়।
পরে সেখানে সংঘর্ষে জড়ান তারা।
এদিকে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনায় মাথায় রক্তাক্ত জখম অবস্থায় জয় (৩২) ও জুয়েল (৪২) নামে দুইজন ও হাত ভাঙা অবস্থায় আব্দুল জব্বার বেপারি (৫৩) নামের একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, বিকালে ধানের শীষ প্রতীকের সমর্থকদের মিছিল থেকে ফুটবল সমর্থকদের উপর হামলা করা হয়। পরে সেখানে সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে পুলিশের মোবাইল টিম রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক।
