
সরকারের কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন আর পিছনে তাকানোর সময় নেই। সামনে তাকিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তোলা, স্বাস্থ্যসেবা উন্নত করা এবং মানুষের জন্য ভালোভাবে কাজ করাই আমাদের লক্ষ্য।
নারীর ক্ষমতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি জোগাবে। এতে তারা পরিবারের প্রধান হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারবে। একটি পরিবারের মা-ই সবচেয়ে বেশি সংগ্রাম করে পরিবারকে টিকিয়ে রাখতে এবং সন্তানদের লালন-পালন করতে।
তিনি জানান, সারাদেশে ১৪টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পরিবারই এই কার্ডের আওতায় আসবে।
রহিমানপুর ইউনিয়নকে পাইলট প্রকল্পের জন্য বেছে নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, রহিমানপুর আমার এলাকা হওয়ায় গত ১৫ বছর এখানে কোনো উন্নয়ন হয়নি। তবে আমাদের ক্ষমতায় আসার মাত্র ২২ দিনের মধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে খাল খননের কাজও শুরু হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ৫৮৮ জন নারীর হাতে এদিন ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়।
