বরিশালে ৩২৬টি ইয়াবা ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মো. এনামুল হাওলাদার (৪৫) ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো. এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন।

প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন একাধিকবার প্রতিবাদ করলেও তিনি মাদক ব্যাবসা বন্ধ করেননি।

অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা বিক্রি করেন।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ ইয়াবা, ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এনামুলের ঘরের দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ও টাকা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করি। এ সময় সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে কারোর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নিবে না বলে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। তিনি বলেন, ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।