“শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেয়া হবে এবং মার্চের ১৫ তারিখ বোনাস দেওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে আসে।”

ময়মনসিংহের ভালুকায় বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবরোধে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় অবস্থান নিয়ে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন বলে জানিয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে মহাসড়ক অবরোধ করেন। এর আগেও আন্দোলন করে তাদের বকেয়া বেতন নিতে হয়েছে।

সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, “ঈদ সামনে, কেনাকাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনো দেয়নি। কবে দিবে, কখন দিবে কেউ কোনো কথা বলে না। গতকাল (মঙ্লবার) জিএম বলছে আজকে কথা বলে বেতন দিবে। কিন্তু আজকে জিএমই নাই কারখানায়। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।”

কাটিং সেকশনে কর্মরত শান্ত বলেন, “আমরা দীর্ঘ ৩ বছর যাবত এখানে চাকরি করি। বেশ কিছুদিন ধরেই আমাদের কারখানায় ঝামেলা চলছে। আমরা অনেক ছাড় দিয়েছি।

এখন একটা ঈদ। ঈদে যদি শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়া হয়। তাহলে আমরা কি করে বাড়ি যাবো। আমাদের সবারই তো পরিবার আছে। মালিকপক্ষ আমাদের কথায় কেউ কর্ণপাত করতেছে না।”

পরে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, “শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেয়া হবে এবং মার্চের ১৫ তারিখ বোনাস দেওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে আসে।”

এ বিষয়ে শেফার্ড গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, “শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় মঙ্গলবার দুপুর থেকে আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে। সকালেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

“পরে ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস দেয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে যায়।”

তবে, মার্চ মাসের বেতন দেওয়া হবে কিনা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।