স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে গ্রেপ্তার, র‍্যাবের ২ মোটরসাইকেলে আগুন | 

কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা র‍্যাবের দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম।

গ্রেপ্তার ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা।

নেয়ামুল হালিম জানান, ১০ মামলার আসামি ফরিদ তিনটি হত্যা মামলায় পলাতক আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারের পর সহযোগীরা মব সৃষ্টি করে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেলে আগুন দেয়। পরিস্থিতি এখন র‍্যাবের নিয়ন্ত্রণে রয়েছে। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে র‍্যাব গ্রেপ্তার করেছে। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।