
নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পৃথক সময়ে এ দুটি দুর্ঘটনা ঘটে।
খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের নলসিটি হাওরে বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত রাজেন্দ্র সরকারের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে নলসিটি হাওরে গরু নিয়ে ঘাস খাওয়াতে যান সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেন। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের কৃষকেরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুদিন সরকারকে মৃত ঘোষণা করেন।’
অন্যদিকে, একই দিনে সকালে দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার মজিবুর রহমানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য খোকন মিয়া জানান, সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে ধান খেতের পাশে আকাশ মিয়াকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন, ‘হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় ওই যুবককে মৃত পাওয়া যায় এবং তার শরীরে বজ্রপাতে মৃত্যুর লক্ষণ ছিল।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
