
রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে রাশেদা বেগম (৩৮) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মধুবাগ ৩ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তিনি বর্তমানে মগবাজারের মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সাখাওয়াত হোসেন জানান, রাতে মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পাশের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার দেয়াল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
