প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার সিঙ্গাপুর নেয়া হচ্ছে। 

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছেন, রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। এ সময় তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে থাকবেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এই বিএনপি নেতার শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে প্রতিবেদন সন্তোষজনক এসেছে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সিটি স্ক্যানের রিপোর্টে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার দুই দফায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।