
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে রাজনৈতিক সুবিধা নেয়ার প্রবণতার সমালোচনা করেছেন সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
তিনি বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তিনি সামান্যতম সহানুভূতি আদায় করতে পারেনি, যারা এখন কেবল ‘শত্রুর শত্রু’ হওয়ার কারণে তার জন্য মায়াকান্না করছে।
শনিবার (১৪ মার্চ) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি এই সুবিধাবাদী রাজনীতির কড়া সমালোচনা করেন।
নিজের ফেসবুক পোস্টে আজাদ মজুমদার লেখেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী শাসনামলে মির্জা আব্বাসকে অন্তত তিনবার কারাগারে পাঠানো হয়েছিল। সেই সরকার তাকে অন্তত ১১টি মামলায় জড়িয়েছিল, যার সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচিত।
ওই পোস্টে তিনি আরও বলেন, এখন কেউ কেউ তার অসুস্থতার জন্য বর্তমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দোষারোপ করার চেষ্টা করছেন এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পরিস্থিতিকে ভিন্নখাতে প্রবাহিত করছেন। এই ধরণের কুটিল বর্ণনা কারও উপকারে আসে না, বিশেষ করে খোদ আব্বাসের তো নয়ই।
পোস্টের শেষে তিনি লেখেন, এই মুহূর্তে তার যা প্রয়োজন তা হলো-লোকদেখানো ক্ষোভ বা রাজনৈতিক পয়েন্ট-স্কোরিং নয়, বরং যারা তাকে সত্যিকারের শ্রদ্ধা করেন তাদের আন্তরিক দোয়া। দ্রুত সুস্থ হয়ে উঠুন, আব্বাস ভাই।

