মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাগত বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে তারা এ কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মহেশপুর হাই স্কুল মাঠ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা চলাকালে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আলোচনা সভা ও আনুষ্ঠানিক বক্তব্য পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করলেও বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি—এ অভিযোগ তুলে বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন।