
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামে এক পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মাইনুল ইসলামের প্রায় ২৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মো. মাইনুল ইসলাম (২৭), পিতা মো. হযরত আলী, সাতইল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে একটি পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত ২৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাত দুষ্কৃতকারীরা পুকুরে বিষ প্রয়োগ করে।
এর ফলে পুকুরে থাকা কাতলা, মৃগেল, সিলভার কার্প, বিগহেড কার্প, রুই, তেলাপিয়া, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এতে তার আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরদিন সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরে গিয়ে তিনি মাছগুলো ভেসে থাকতে দেখেন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন এবং থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।এ ঘটনায় মাইনুল ইসলাম বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বড়াইগ্রাম থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
