দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। 

সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আত্মহত্যার চেষ্টার ঠিক আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে স্বামী শিবলী সাদিকের বিরুদ্ধে দীর্ঘ ৭ বছরের ‘অন্যায় ও জুলুমের’ অভিযোগ আনেন তিনি।

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, রাত সোয়া ৮টায় সীমুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে সীমু তার বৈবাহিক জীবনের চরম তিক্ততা প্রকাশ করে লিখেছেন, “বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না।” 

স্বামী শিবলী সাদিককে ‘জানোয়ার’ সম্বোধন করে তিনি আরও লেখেন, “তোমরা শিবলী সাদিককে ছেড়ো না। আমার এই মৃত্যুর জন্য শিবলী সাদিক, তার ঘনিষ্ঠ এক নারী ও শামীম দায়ী।” স্ট্যাটাসের শেষে তিনি তার মেয়ে স্নেহা এবং বাবা-মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

উল্লেখ্য, এই প্রতিবেদন লেখার সময় তার লেখা পোস্টটি তার ফেসবুক প্রোফাইলে আর দেখা যাচ্ছে না। 

সূত্রের বরাতে জানা গেছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শিবলী সাদিক আত্মগোপনে চলে গেলে সীমু হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। উল্লেখ্য, জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার সাথে বিচ্ছেদের পর ২০১৯ সালে সীমুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য। শিবলী সাদিক দিনাজপুরের বিখ্যাত পর্যটন কেন্দ্র ‘স্বপ্নপুরী’র মালিক পরিবারের সদস্য।