

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক সাংবাদিকের মাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার রায়কালী ইউনিয়নের খাঁ-পাড়া গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি স্বামীহারা মোছা. আছিয়া বেগম বসবাসের জন্য একটি জমি ক্রয় করলে ওই জমির দখল নিতে তাকে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ৩০ তারিখ বিকেলে আছিয়া বেগম বাড়িতে ফেরার কিছুক্ষণ পর মুক্তার হোসেন তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হন। তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আছিয়া বেগমকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার ভাই মামুন ও আমিরুলও হামলার শিকার হন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার আক্কেলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত মুক্তার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। গ্রেফতার হলেও বারবার জামিনে মুক্ত হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
আক্কেলপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
