অভিযুক্ত জামাই ও শ্বশুর 

জামালপুরে অবৈধভাবে পেট্রল মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করার সময় জামাই ও শ্বশুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর সদরের গেইটপাড় স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমন হোসেন। কারাদণ্ড পাওয়া দুইজন হলেন- মো. হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে পেট্রোল মজুদ করছিলেন। বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে আদালত বসিয়ে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধান লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড দেয়ার কথা জানান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন জানান, মোটরসাইকেলের ট্যাংক থেকে বোতলে ভরে পেট্রল মজুদ করছিলেন। এ সময়ে অভিযান চালিয়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।