
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত দেওয়ানপাড়ার পার্শ্ববর্তী টিলায় বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্য হলেন অর্জুন চাকমা (৩৮)।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভূইয়া জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও প্রতিপক্ষ দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর শুনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। বর্তমানে এর আশপাশে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হবে।
ওসি জানান, লাশের পাশে একটি পিস্তল ও কিছু গুলির খোসা পাওয়া গেছে।
এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ইউপিডিএফ এর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
