ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) তার কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুরের সুইহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ে দাফতরিক কাজে ব্যস্ত ছিলেন পিআইও মো. নুরুন্নবী সরকার। এ সময় মামুনুর রশিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে পিআইও নুরুন্নবী সরকার ও দপ্তরি আইয়ুব আলীর ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় পিআইও বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে জিয়াউর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ভুক্তভোগী পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধেও এলাকায় নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। অফিস কক্ষে ধূমপানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি প্রকল্পের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এক ইউপি সদস্যকে ‘সাড়ে তিন হাত মাটির নিচে পুঁতে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ ছাড়া, তার অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভও করেছেন। এমনকি ওই মানববন্ধনের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে পিআইও ‘মিথ্যা’ মামলা করেছেন বলেও অভিযোগ উঠেছে।