শনিবার রাতে উত্তর ২৪ পরগনার পানিহাটির শ্রীপল্লী এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে পানিহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে একটি প্রচার মিছিল বের হয়। মিছিল থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হচ্ছিল। সেই সময় এক স্থানীয় বৃদ্ধা পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দেন। তার সঙ্গে থাকা তৃণমূলের এক প্রতিবন্ধী কর্মীও একই স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, এর পরেই বিজেপি কর্মীরা ওই বৃদ্ধা ও প্রতিবন্ধী যুবককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। তৃণমূলের দাবি, দলীয় পতাকা লাগানো লাঠি দিয়েও তাদের আঘাত করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের নেতা-কর্মীরা সেখানে পৌঁছালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

পরে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে ঘোলা থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।

যদিও বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত নয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।