
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে যারা অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ সকল সংসদ সদস্যের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটি অনেকটা বাকশালি কায়দায় দমনের চেষ্টা। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি।
