ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকিকে সালাম দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিমন্ত্রীকে সালাম দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল গাড়িতে রওনা হয়। দড়িভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে উল্টে পড়ে।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হন। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি আহতদের দেখতে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘দড়িভেলানগরে আমাদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুতই গাড়িটি উদ্ধার করা হবে।’