গোপালগঞ্জে জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা ছুটে যান।
এ বিষয়ে পুলিশ জানায়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে, ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবন এবং ৩০ জানুয়ারি আনসার ব্যাটলিয়ন অফিস কমপাউন্ড ও গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
