পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।

ইমরান সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামানিকের ছেলে। ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। তিনি পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এলাকার বাজারে ঘুরছিলেন ইমরান। এমন সময় হঠাৎ মোটরসাইকেল যোগে বেশ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এসময় সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে দৌড়ে ধরে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। ঘটনার পরপর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।