
ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদোল্লাহি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ অবরোধ অব্যাহত রাখে, তবে তারা পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেবে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবরোধ ‘ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের জন্য অনিরাপত্তা তৈরি করছে’ এবং এটি চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস।
খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদোল্লাহি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি চলতে দেবে না।’
তিনি আরও বলেন, ‘ইরান নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে পদক্ষেপ নেবে।’
সোমবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ শুরু করে। তবে অবরোধের মধ্যেও কিছু জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পেরেছে বলে জানা গেছে।
