কক্সবাজারের মহেশখালী–কুতুবদিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজল্লাহ ফরিদ-এর গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বদরখালী ইউনিয়নের ২ নম্বর বক্ল আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওয়াদিল (৮)। সে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার বাসিন্দা। তার পিতা আমান উল্লাহ একজন প্রবাসী এবং মাতা সুমাইয়া বেগম। ওয়াদিল স্থানীয় একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। তারা ওই এলাকার তেচ্ছাপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান– সংসদ সদস্য আলমগীর ফরিদ নিজের নির্বাচনী এলাকা কুতুবদিয়ায় বিজয় জনসংযোগ ও উৎসব শেষে ফেরার পথে ছিলেন। তার গাড়িবহর দ্রুতগতিতে বদরখালী এলাকা অতিক্রম করার সময় ২ নং বক্ল আহমদ কবিরের ঘাটা এলাকায় ওয়াদিলকে চাপা দেয়। শিশুটিকে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনরা। সেই শোক মুহূর্তেই রূপ নেয় ক্ষোভে। শোকাতুর ও ক্ষুব্ধ জনতা এমপির গাড়িবহরের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় পুলিশ ও জনতা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা আনুষ্ঠানিক তদন্ত শুরুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।